
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে আট হাজার ৪৮৯ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও ৯১২ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট পাঁচ লাখ ৫২ হাজার ৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ২২৯ জন। এ নিয়ে দেশে মোট পাঁচ লাখ পাঁচ হাজার ৩৪৯ জন করোনা থেকে সুস্থ হলো।
আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২১৯টি ল্যাবে ১৭ হাজার ৭৭৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৭ হাজার ৯৭৩টি। এ পর্যন্ত দেশে মোট ৪১ লাখ ৮০ হাজার ৯৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় নতুন ১৩ জন মৃত্যুবরণকারীর মধ্যে সবাই পুরুষ। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ছয় হাজার ৪২০ জন ও নারী দুই হাজার ৬৯ জন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন ও ষাটোর্ধ্ব পাঁচজন রয়েছেন। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে একজন, বরিশাল বিভাগে একজন ও রংপুর বিভাগে একজন। এ ছাড়া সবাই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত বছরের ১৮ মার্চ। এরপর গত বছরের ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়।

