
দেশে ডেঙ্গু সংক্রমণ পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। এডিস মশার প্রজনন ক্ষেত্রগুলো ধ্বংসসহ অন্যান্য ব্যবস্থা পর্যাপ্ত নয় বলেই এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রতিদিনই হাজারখানেক মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছেন। গত একদিনেও আট শতাধিক রোগী ভর্তি হয়েছেন। মারা গেছেন পাঁচজন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ৬২ জেলায় ছড়িয়ে পড়া ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ৮২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় নতুন ভর্তি ৪৫০ জন এবং ঢাকার বাইরে ৩৭০ জন। এতে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ যাবত ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ হাজার ৮০২ জনে। একদিনে মারা গেছেন ৫ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে ১৮২ জনে ঠেকেছে।
প্রাণহানির যে হার তাতে চলতি মাসের মাঝামাঝি ২০১৯ সালের সর্বোচ্চ মৃতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওই বছর শুধু সরকারি হিসাবেই রেকর্ড ১৭৯ জনের মৃত্যু হয়। যদিও বেসরকারি হিসাবে মৃত্যু তিনশ’র বেশি।
মঙ্গলবার সকাল পর্যন্ত সরকারি হিসাবের আওতায় থাকা সারা দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৩ হাজার ২২৩ জন। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৭ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ২৭৬ জন।

