Logo
শিরোনাম

চুয়ামেনির গোলে ইংল্যান্ডের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে ফ্রান্স

প্রকাশিত:রবিবার ১১ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১১৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চলতি কাতার বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শুরুর মাত্র ১৭ মিনিটেই রিয়াল মাদ্রিদ তারকা অরেলিয়েন টিচুয়ামেনির দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় ফ্রান্স। পরে দুই দলই একের পর এক আক্রমণ চালিয়ে গেলেও কোনো দল গোল আদায় করতে পারেনি। ফলে ইংল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের বিরতিতে গেল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।

শনিবার (১০ ডিসেম্বর) দোহার আল বায়েত স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ম্যাচের ১২তম মিনিটে প্রথমবারের মতো গোলের সুযোগ পায় ফ্রান্স। ইংলিশ রক্ষণের ডান পাশ থেকে ডেম্বেলের ক্রসে হেড করেন জেরার্ড। কিন্তু বল সোজা চলে যায় ইংলিশ গোলরক্ষক পিকফোর্ডের হাতে।

এর পাঁচ মিনিট পরেই প্রথম গোলের দেখা পায় দেশমের দল। গ্রিজম্যানের কাছ থেকে বল পেয়ে প্রায় ২৫ গজ দূর থেকে ডান পায়ের বুলেট গতির শট নেন টিচুয়ামেনি। এত দূর থেকে তিনি যে শট নিবেন তা বোধহয় ইংলিশ ফুটবলাররাও কল্পনা করেননি। ফলে ইংলিশ গোলকিপার কিছু বুঝে ওঠার আগেই বল জালে জড়ায়।

এক গোলে পিছিয়ে পড়ে মরিয়া হয়ে খেলতে থাকে ইংল্যান্ড। ২৩ মিনিটে হ্যারি কেইন দারুণ শট নিলে সেটি রুখে দেন লরিস। ২৭ নিনিটে ম্যাচে উত্তেজনা ছড়ায় হ্যারি কেইনের পেনাল্টি আপিল। ভিএআর এর মাধ্যমে দেখা যায় ফাউলটি ডি বক্সের বাইরে হয়েছিল যার দরুণ পেনাল্টি বঞ্চিত হয় তারা। ৩০ মিনিটে আবারো হ্যারি কেইনের দূরপাল্লার বুলেট গতির শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন লরিস।

ম্যাচের ৩৮ মিনিটে প্রথমবারের মত গোলের সুযোগ পান এমবাপে। ডিবক্সের ভেতর তার বা পায়ের শট চলে যায় গোলবারের উপর দিয়ে। ফলে প্রথমার্ধের নির্ধারিত সময়ের খেলায় ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স।


আরও খবর