
চট্টগ্রাম বন্দর
থেকে যাওয়া একটি খালি কন্টেইনারের ভেতর থেকে একজনের গলিত লাশ উদ্ধার করেছে মালয়েশিয়ার
পেনাং বন্দর কর্তৃপক্ষ। গত ৬ অক্টোবর চট্টগ্রাম বন্দর থেকে ‘সোয়াসদি আটলান্টিক’ জাহাজে করে খালি কন্টেইনারটি
পেনাং পাঠানো হয়। কন্টেইনারটি চট্টগ্রামের আলোচিত বিএম কন্টেইনার ডিপো থেকে পাঠানো
হয়।
চট্টগ্রাম বন্দরের
সচিব ওমর ফারুক বলেন, ‘পেনাং বন্দর কর্তৃপক্ষ
এখনো আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানায়নি। বিষয়টা মিডিয়ার কাছেই শুনেছি। আনুষ্ঠানিক
ভাবে জানানো হলে আমরা তদন্ত শুরু করবো।’
জানা যায়, যে
কন্টেইনারে গলিত লাশ পাওয়া গেছে সেটি চট্টগ্রাম বন্দর দিয়ে গেছে। কিন্তু মরদেহটি বাংলাদেশির
কিনা সেটি নিশ্চিত নয় বন্দর কর্তৃপক্ষ কিংবা শিপিং এজেন্ট। জাহাজটি বন্দরের এনসিটি
জেটির-৫ নম্বরে ভিড়েছে গত ৩ অক্টোবর। এরপর পণ্য বোঝাই করে জাহাজটি চট্টগ্রাম থেকে রওনা
দেয় ৬ অক্টোবর। ৯ অক্টোবর নাগাদ সেটি সরাসরি পেনাং বন্দরে পৌঁছে। সেখানে কন্টেইনার
নামিয়ে জাহাজটি সিঙ্গাপুর হয়ে চীনের সাংহাই ও নিমবো বন্দরে চলে যায়। খালি কন্টেইনারটি
১০ অক্টোবর বের করার সময় গন্ধ বেরোলে সন্দেহ হয়। এরপর কন্টেইনারটি খুলে পেনাং বন্দর
কর্তৃপক্ষ ওই ব্যক্তির গলিত মরদেহ পায়। এরপর মালয়েশিয়ার পুলিশ এসে মরদেহটি তদন্তের
জন্য নিয়ে যায়।

