
রাজধানীর পুরান
ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ডে মারা যাওয়া বরিশাল হোটেলের ছয় শ্রমিকের স্বজনদের হাতে
শ্রমিক কল্যাণ তহবিল থেকে দুই লাখ টাকা করে আর্থিক সহায়তার চেক দেওয়া হয়েছে।
শ্রম ও কর্মসংস্থান
প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের নির্দেশে মঙ্গলবার (১৬ আগস্ট) রাত সাড়ে ৮টার
দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতাল) স্বজনদের হাতে এ চেক তুলে
দেওয়া হয়।
এসময় বাংলাদেশ
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক গোকুল কৃষ্ণ ঘোষ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন
অধিদপ্তরের ঢাকা জেলার উপ-মহাপরিদর্শক মো. সালাহ উদ্দিনসহ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত
ছিলেন।
এর আগে মঙ্গলবার সকালে শ্রম প্রতিমন্ত্রী চকবাজারে দগ্ধ হয়ে মারা যাওয়া শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দেন। তিনি নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

