Logo
শিরোনাম

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারাতে পারলেই ব্ল্যাংক চেক

প্রকাশিত:শুক্রবার ০৮ অক্টোবর ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ১৯৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বিশ্বকাপ, এশিয়া কাপের মতো মেগা টুর্নামেন্টে কালে-ভদ্রে দেখা হয়। যেমন এবার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হবেন বাবর আজম ও বিরাট কোহলিরা।

আর সেই ম্যাচের জয়-পরাজয় নিয়ে চমকে দেওয়া এক খবর দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা।

জানালেন, বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারাতে পারলে মোটা অঙ্কের বিনিয়োগ পেতে পারে পাকিস্তান। দেশটির ক্রিকেটপাগল এক বিনিয়োগকারী নাকি তাদের জানিয়েছেন, কোহলির দলকে হারালে বাবরদের জন্য ব্ল্যাংক চেক -এ সই করবেন তিনি।

উল্লেখ্য, পাকিস্তান বোর্ড নিয়মিতই আর্থিক সংকটে পড়ার শঙ্কায় ভোগে। কারণ পিসিবির খরচের অর্ধেকটাই আসে আইসিসি থেকে। আর আইসিসির তার ফান্ডের জন্য ভারতের ওপর নির্ভরশীল।

এ নিয়ে রমিজ রাজার শঙ্কা, ভারত আইসিসিকে অর্থায়ন বন্ধ করে দিলে তখন পিসিবির কী হবে!

আসন্ন বিশ্বকাপের আগে বোর্ড মিটিংয়ে সেই শঙ্কার কথা প্রকাশ্যে আনেন রমিজ। তখনই এই ব্ল্যাংক চেকের বিষয়টি উঠে আসে।

বৈঠকে পিসিবির নতুন চেয়ারম্যান বলেন, পিসিবির ৫০ শতাংশ খরচ চলে আইসিসির অর্থায়ন থেকে। আর আইসিসির সিংহভাগ অর্থায়ন আসে ভারত থেকে। আমার শঙ্কা, ভারত যদি আইসিসিকে অর্থায়ন বন্ধ করে দেয়, তা হলে পিসিবি মুখ থুবড়ে পড়তে পারে।সেটি যেন না হয়, আমি পাকিস্তান ক্রিকেটকে শক্তিশালী করতে চাই। এ বিষয়ে একটি সুখবর আছে। এক বড় বিনিয়োগকারী আমাকে বলেছেন, আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান যদি ভারতকে হারাতে পারে, তা হলে পিসিবির জন্য একটি ব্ল্যাংক চেক প্রস্তুত।

পিসিবিকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে দৃঢ়প্রতিজ্ঞ রমিজ রাজা। বললেন, আমাদের ক্রিকেট যদি আর্থিকভাবে শক্তিশালী হয়, তা হলে কেউ আমাদের ব্যবহার করতে পারবে না। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মতো দল সফর বাতিল করতে পারবে না। আমরা সেরা ক্রিকেট দল হওয়ার পাশাপাশি সেরা ক্রিকেট অর্থনীতির দেশ হতে চাই। দুটিই অবশ্য বড় চ্যালেঞ্জ।

নিউজ ট্যাগ: ভারত-পাকিস্তান

আরও খবর