
রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় টগর-বেলী বাঘ দম্পতির ঘরে এলো দুর্জয় ও অবন্তিকা নামের নতুন দুই শাবক। করোনাকালে চিড়িয়াখানার নিরিবিলি পরিবেশে প্রথম বাচ্চা দিলো রয়েল বেঙ্গল জাতের এই বাঘ দম্পতি।
দর্শনার্থীদের জন্য সোমবার (১৬ আগস্ট) বাঘ শাবকদের চিড়িয়াখানার খাঁচায় উন্মুক্ত করা হয়।
এদিন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী রেজাউল করিম এই দুটি বাঘের বাচ্চার নামকরণ করে প্রদর্শনীর জন্য উন্মুক্ত করেন।
নারী শাবকের নাম রাখা হয়েছে অবন্তিকা, পুরুষ শাবকের নাম দুর্জয়। মায়ের সঙ্গেই থাকছে এ দুটি বাঘের বাচ্চা। বাবা টগরকে রাখা হয়েছে আলাদা খাঁচায়।
এছাড়া চিড়িয়াখানায় ধারণক্ষমতার অতিরিক্ত হওয়ায় ২১০টি বক অবমুক্ত করেন মন্ত্রী।
সূত্র জানায়, স্ত্রী বাঘ বেলীর জন্ম ২০১৭ সালের ৯ নভেম্বরে ও পুরুষ বাঘ টগরের জন্ম ২০১৭ সালের ১ মার্চে।
জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. আব্দুল লতিফ জানান, করোনায় প্রায় দেড় বছর দর্শনার্থীর চাপ না থাকার সুযোগে প্রাণিরা নিজস্ব পরিবেশ ফিরে পায়। সেই সুযোগে আড়াই মাস আগে জন্ম নেয় বাঘ শাবক। চিড়িয়াখানা খুললে দর্শনার্থীরা বাঘ শাবক দুটি দেখতে পারবেন বলেও জানান তিনি।

