
শেয়ারবাজারে আগামীকাল বুধবার থেকে লেনদেনের সময় ১০ মিনিট কমছে। কাল থেকে শেয়ারবাজারে লেনদেন শুরু হবে সকাল সাড়ে ৯টায়। বিরতি ছাড়া এ লেনদেন চলবে বেলা ১টা ৫০ মিনিট পর্যন্ত।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আজ মঙ্গলবার লেনদেনের নতুন এ সময় নির্ধারণ করেছে।
বিএসইসির এ-সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যুৎ সাশ্রয়ী সরকারের নেওয়া পদক্ষেপের অংশ হিসেবে শেয়ারবাজারের লেনদেনের সময়েও পরিবর্তন আনা হয়েছে। ব্যাংকিং লেনদেনের সময়ের সঙ্গে সমন্বয় করে শেয়ারবাজারে লেনদেনের নতুন এ সময় ঠিক করা হয়েছে।
বর্তমানে শেয়ারবাজারে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত একটানা সাড়ে ৪ ঘণ্টা লেনদেন চলে। আগামীকাল থেকে লেনদেনের এ সময় ১০ মিনিট কমে দাঁড়াবে ৪ ঘণ্টা ২০ মিনিটে। পাশাপাশি লেনদেন-পরবর্তী সমাপনী লেনদেনের সময়ও ৫ মিনিট কমিয়ে ১০ মিনিট করা হয়েছে। সমাপনী বা ক্লোজিং লেনদেন চলবে বেলা ১টা ৫০ মিনিট থেকে ২টা পর্যন্ত। এত দিন সমাপনী লেনদেন চলত ১৫ মিনিট।
বিএসইসির এ-সংক্রান্ত নির্দেশনায় শেয়ারবাজার-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম যতটা সম্ভব অনলাইনে পরিচালনার কথাও বলা হয়েছে। এরই মধ্যে লেনদেনের সঙ্গে জড়িত শেয়ারবাজার-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।

