
গত কয়েক দিনের
ভারী বৃষ্টিপাতে ভয়াবহ বন্যার কবলে পড়েছেন দক্ষিণ আফ্রিকার বন্দরনগরী ডারবান এবং পার্শ্ববর্তী
কওয়াজুলু-নাতাল প্রদেশের বাসিন্দারা। বন্যায় এখন পর্যন্ত অন্তত ৬০ জনের প্রাণহানির
খবর পাওয়া গেছে। এছাড়াও পানিবন্দি হয়ে রয়েছেন আরো কয়েক হাজার মানুষ। অনেক এলাকা বিদ্যুৎ-বিচ্ছিন্ন
অবস্থায় রয়েছে।
আন্তর্জাতিক
গণমাধ্যমের খবরে বলা হয়, কয়েক দিনের বর্ষণে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় এ নগরীর বিভিন্ন
এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে এবং অনেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এদিকে ভূমিধসের
কারণে কওয়াজুলু নাতাল প্রদেশে বন্ধ হয়ে গেছে ট্রেন যোগাযোগ।
বেসরকারি জরুরি
ও উদ্ধার কর্মী এবং প্যারামেডিক চিকিৎসকদের শেয়ার করা ভিডিও ফুটেজে নগরীর বিভিন্ন মহাসড়ক
প্লাবিত হওয়ার পাশাপাশি অনেক গাড়ি পানিতে ডুবে থাকতে দেখা যাচ্ছে। এছাড়াও অনেক ঘরবাড়ি
ধসে পড়েছে।
কওয়াজুলু-নাতাল
প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ লোকজনকে ঘরে অবস্থান করার আহ্বান জানিয়েছে এবং
নিচু এলাকায় বসবাস করা লোকদের উঁচু এলাকায় চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।
প্রাদেশিক প্রধানমন্ত্রী সিহলি জিকালা বলেন, এ দুর্যোগে বিপুল সংখ্যক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাদেশিক সহযোগিতা বিভাগ জানায়, সামরিক বাহিনীর সহযোগিতায় বন্যাকবলিত এলাকায় আটকে পড়া লোকজনকে সরিয়ে নিতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

