Logo
শিরোনাম

বিকাশ প্রতারণার : রাবির ২ ছাত্র গ্রেপ্তার

প্রকাশিত:মঙ্গলবার ১৫ নভেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ৮৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মোবাইল ব্যাংকিং বিকাশ প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা রাজশাহী এসে তাদের গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে গেছে। গ্রেপ্তার হওয়া দুই ছাত্র হলেন রেজোয়ান ইসলাম ও সাকিব। তারা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রিন্ট মেকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র।

এর আগে গতকাল রোববার সকালে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে রাজশাহী নগরীর চকপাড়া এলাকার একটি ছাত্রাবাস থেকে তাদের তুলে নিয়ে যাওয়া হয়। এরপর তাদের কোনো সন্ধান না পাওয়ায় সোমবার চন্দ্রিমা থানায় জিডি করেন রেজওয়ানের বড় ভাই মিরাজুল ইসলাম।

মিরাজুল ইসলাম বলেন, আমি গত শনিবার রাজশাহী এসে ছোট ভাইদের রেজোয়ানের ছাত্রাবাসে উঠেছিলাম। রোববার সকালে সাদা পোশাকে ৪-৫ জন ব্যক্তি এসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে রেজোয়ান এবং সাকিবের খোঁজ করেন। তাদের পেয়ে এক দোকানির ব্যাপারে তারা জিজ্ঞাসাবাদ করেন। এরপর তাদের মারধর করে তুলে নিয়ে যান।

তিনি বলেন, আমি তাদের পরিচয়পত্র দেখাতে বললে তারা পরিচয়পত্র দেখাননি। তারা আমার নম্বর নিয়ে বলে পরবর্তীতে প্রয়োজন হলে আপনার সঙ্গে যোগাযোগ করব।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেজোয়ান ও সাকিবের বিরুদ্ধে মোবাইল ব্যাংকিং বিকাশ প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিকাশের মাধ্যমে তারা বিপুল টাকা হাতিয়ে নিয়েছে বলেও আমাদের জানানো হয়েছে। এ বিষয়ে ডিএমপিতে অভিযোগ থাকায় একটি টিম এসে তাদের নিয়ে গেছে।

এদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, যেহেতু ওই দুই ছাত্রকে ক্যাম্পাসের ভেতর থেকে তুলে নিয়ে যাওয়া হয়নি তাই আমাদেরকে অবগতও করা হয়নি। আর তারা কোনো অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট কি না সে বিষয়টিও আমরা জানি না‌।

নিউজ ট্যাগ: বিকাশ প্রতারণা

আরও খবর