
বিবিয়ানা গ্যাস ফিল্ডে বন্ধ হওয়া ছয়টি কূপের একটি এখনও সচল হয়নি। এই কূপটি সচল করতে কাজ করে যাচ্ছেন প্রকৌশলীরা। শেভরন বাংলাদেশের মুখপাত্র শেখ জাহিদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, হঠাৎ সমস্যা হওয়ার পর বিবিয়ানা গ্যাস ফিল্ডে ইতোমধ্যে পাঁচটি কূপ চালু করা হয়েছে। সচল হওয়া কূপগুলো থেকে গ্যাস উৎপাদন অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, অবশিষ্ট বাকি একটি কূপের কার্যক্রম ফিরিয়ে আনার জন্য অভিজ্ঞ প্রকৌশলীরা কাজ করছেন। ছয় নম্বর কূপটিতে একটু জটিলতা থাকায় চালু হতে একটু সময় লাগছে। এর আগে, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জানানো হয় বিবিয়ানা গ্যাস ফিল্ডে সমস্যার কারণে সৃষ্ট হওয়া গ্যাস সংকট কাটিয়ে উঠতে শুরু করেছে।
মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন জানান, ‘গত কয়েকদিনে বিবিয়ানা গ্যাস ফিল্ডে সমস্যা দেখা দেয়ায় জরুরি মেরামতের জন্য কোনো কোনো এলাকায় গ্যাসের স্বল্পচাপের সৃষ্টি হয়েছিল। আমাদের অভিজ্ঞ প্রকৌশলীবৃন্দের নিরলস পরিশ্রমের ফলে আমরা ধীরে ধীরে সংকট কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে।’

