
করোনা দেশের চলচ্চিত্রের
ব্যাপক ক্ষতিসাধন করেছে। লকডাউরেন কারণে সিনেমা নির্মাণ বন্ধ থাকায় চলচ্চিত্রের শিল্পী
ও কলাকুশলীরা বেকার হয়ে পড়েছে। লকডাউন উঠে গেলেও চলচ্চিত্রের স্বাভাবিক পরিস্থিতি এখনো
ফিরেনি।
চলচ্চিত্রের এই
দুর্দশার কারণে অনেক কলাকুশলী চলচ্চিত্রাঙ্গণ ছেড়ে চলে গেছেন। কাজ না থাকায় অভাব-অনটনে
দিন কাটাচ্ছেন চলচ্চিত্রের নিম্ন আয়ের শিল্পী ও কলাকুশলীরা। ঢাকায় জীবনযাপন কঠিন হয়ে
পড়ায় অনেকেই সিনেমা ছেড়ে গ্রামে ফিরে গেছেন।
চলচ্চিত্র পরিচালক
সমিতি, শিল্পী সমিতিসহ সংশ্লিষ্ট সংগঠনগুলো থেকে যে তথ্য পাওয়া যায়, তাতে প্রায় শতাধিক
শিল্পী ও কলাকুশলী ঢাকা ছেড়ে গ্রামে চলে গেছেন। কেউ কেউ বলছেন এ সংখ্যা দুই শতাধিকও
হতে পারে। এর মধ্যে দৈনিক পারিশ্রমিক পাওয়া অভিনয় শিল্পী যেমন আছেন তেমনি টেকনিশিয়ানসহ
অন্যান্য কর্মজীবীও রয়েছেন।
কোনো সমিতির সদস্য
নন এমন অনেকেই চলচ্চিত্রে কাজ করেন। তারা দিনে এনে দিনে খান। দীর্ঘ সময় কর্মহীন থাকায়
তারা বাসা ভাড়া দিতে হিমশিম খাচ্ছিলেন। কেউ আবার ঝুকছেন অন্য পেশায়।
পরিচালক সমিতির
মহাসচিব শাহীন সুমন বলেছেন, দীর্ঘ সময় ধরে এত শিল্পী-কলাকুশলীর পাশে থাকা অসম্ভব। তিনি
বলেন, ঈদ বা অন্য কোনো উপলক্ষে এককালীন কিছু সহায়তা করা যায়। তাতে সবার প্রয়োজন মিটছে
কিনা সে প্রশ্ন থেকে যায়। সবার পরিবারের সদস্য একরকম নয়। সবার জীবনযাপনও একরকম নয়।

