
পটুয়াখালীর বাউফল উপজেলায় বাড়ির সামনে
হাঁটার সময় মোটরসাইকেলের ধাক্কায় আমির হোসেন বেপাড়ি (৭২) নামে আওয়ামী লীগের এক নেতার
মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় বরিশাল নেওয়ার পথে তার
মৃত্যু হয়। আমির হোসেন বেপাড়ি উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সোমবার বিকেল
৫টার দিকে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আমির হোসেন বেপাড়ি নিজ বাড়ির সামনের সড়ক দিয়ে হেঁটে
যাচ্ছিলেন। এমন সময় বিপরীত দিক থেকে আসা ভাড়ায় চালিত স্থানীয় মোটরসাইকেল চালক পারভেজ
হোসেনের গাড়িতে ধাক্কা খেয়ে তিনি সড়কের পাশে পড়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার
করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা
দিয়ে উন্নত চিকিৎসার জন্য আমির হোসেন বেপাড়িকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে
পাঠিয়ে দেন। অ্যাম্বুলেন্সে করে সেখানে যাওয়ার পথে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপজেলা
আওয়ামী লীগের সভাপতি সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ এমপি, সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের
চেয়ারমান মোতালেব হাওলাদারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। মরহুমের জানাজার সময় আজ মঙ্গলবার
সকালে পারিবারিকভাবে জানিয়ে দেওয়া হবে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

