
বারবার প্রকল্প সংশোধন নিয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্তি প্রকাশ করেছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) একনেক সভায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী এ প্রতিক্রিয়া জানান।
একনেকে প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, বারবার প্রকল্প সংশোধন করা হয়। আজকে একনেক সভায় ১০টি প্রকল্প উপস্থাপন করা হয়, এর মধ্যে পাঁচটি সংশোধিত। এর মানে বারবার সংশোধিত প্রকল্প একনেক সভায় আসছে বলে বিরক্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
সিলেট অঞ্চলে অনেক জমি পতিত। এসব জমির সঠিক ব্যবহার নিশ্চিত করতে বলেছেন প্রধানমন্ত্রী, সভা শেষে বিষয়টি তুলে ধরে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের বলেন, আমি প্রধানমন্ত্রীর সঙ্গে একমত। সিলেট অঞ্চলে নানা কারণে অনেক জমি পতিত পড়ে আছে, কোনো ব্যবহার হয় না। জমিগুলো যেন ব্যবহার হয় সেজন্য আমি সিলেটবাসীকে প্রধানমন্ত্রীর অভিপ্রায় জানিয়ে দেবো।
বৈঠকে উপস্থিত ছিলেন- অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক; স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম; শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন; স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক; পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সভার কার্যক্রমে অংশগ্রহণ করেন।
সভায় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজির মুখ্য সমন্বয়ক; পরিকল্পনা কমিশনের সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।

