Logo
শিরোনাম

বাংলাদেশি মেঘলার দ্বিতীয় তেলুগু ছবি মুক্তির অপেক্ষায়

প্রকাশিত:শুক্রবার ২৯ অক্টোবর ২০২১ | হালনাগাদ:সোমবার ২৮ আগস্ট ২০২৩ | ১৪৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু মেঘলা মুক্তার। ২০১৭ সালের ডিসেম্বর মাসে ভারতীয় এক বন্ধুর মাধ্যমে কাজের প্রস্তাব আসে। হায়দরাবাদে গিয়ে অডিশন দেন মেঘলা। একদিন খবর আসে অডিশনে টিকে গেছেন। শুরু হয় বাংলাদেশের মেয়ে মেঘলা মুক্তার ভারত জয়ের গল্প।

প্রথম ছবি শিবা গণেশ পরিচালিত সাকালাকা ভাল্লাভুডু মুক্তি পেয়েছে ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি। দ্বিতীয় ছবি ইয়্যারা চ্যারা করোনার কারণে মুক্তি আটকে ছিল। মাঝখানে কথা উঠেছিল ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে ছবিটি। কিন্তু হল খুলে দেওয়ায় এখন হলে মুক্তির প্রস্তুতি চলছে। মেঘলা প্রস্তুতি নিচ্ছেন সেখানকার তৃতীয় ছবির শুটিংয়ের। গত মাসেই হায়দরাবাদে গিয়ে এই ছবির প্রাথমিক আলোচনা সেরেছেন।

তিনি বলেন, কথা বলে এসেছি। এখনই কিছু বলতে চাচ্ছি না। আমার মা অসুস্থ। তিনি সুস্থ হলে হায়দরাবাদে গিয়ে কথা চূড়ান্ত করতে হবে। তখন সব বলব।

তেলুগু ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান নিয়ে মেঘলা বলেন, ওখানে আমার যাত্রা শুরু হলো মাত্র। বিশাল ইন্ডাস্ট্রি। সারা ভারত থেকে ওখানে কাজ করতে চায়। সবার সঙ্গে টেক্কা দেওয়ার জন্য ভার্সেটাইল হতে হয়। নিজেকে প্রতিনিয়ত প্রস্তুত করছি। বিভিন্ন প্রোগ্রামে যাওয়া হয়। তখন ওখানকার সিনিয়রদেরও দেখা পাই। একদিন যেমন কিংবদন্তি নায়ক আক্কিনেনি নাগার্জুন স্যারের সঙ্গে দেখা হলো। ওনার সঙ্গে কথা হলো। আমি বাংলাদেশি শুনে উনি খুবই খুশি হয়েছেন। বাংলাদেশে কোনো দিন আসার ইচ্ছা প্রকাশ করেছেন।

প্রথম ছবি মুক্তির পরপরই হায়দরাবাদে বাসা নিয়েছেন মেঘলা মুক্তা। তিনি বলেন, ভাষাটা ভিন্ন হতে পারে, তবে পরিবেশটা আমাদের মতোই। ওখানকার মানুষ যেভাবে আপন করে নিয়েছেন, তাতে কখনোই মনে হয়নি যে আমি দেশের বাইরে আছি।

বাংলাদেশের ছবিতেও শুটিং করছেন মেঘলা মুক্তা। সাইফুল ইসলাম মান্নুর পায়ের ছাপ ছবির নায়িকা তিনি। শুটিং শেষে এখন ছবিটির পোস্ট প্রোডাকশন চলছে। শিগগিরই মুক্তি পাবে ছবিটি। ছবিটি নিয়ে মেঘলা বলেন, সমাজের একজন নারীর সংগ্রাম ও সফলতার গল্প দেখা যাবে এ ছবিতে। আমার চরিত্রের নাম মায়া। এ চরিত্রের অনেকগুলো শেড রয়েছে। জানুয়ারি মাসে মেঘলা শুটিং করবেন কৌশিক শংকর দাশ পরিচালিত পাঞ্চ ছবির।

 

নিউজ ট্যাগ: মেঘলা মুক্তা

আরও খবর