Logo
শিরোনাম

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট শুরু আজ

প্রকাশিত:বুধবার ০৩ ফেব্রুয়ারি ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২১৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আজ বুধবার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে সফরকারীদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামে শুরু হতে যাওয়া এই ম্যাচটি করোনা মহামারির মধ্যে বাংলাদেশের প্রথম টেস্ট। গত বছরের শুরুর দিকে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টেস্ট ম্যাচে অংশ নেয় টাইগাররা।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ ম্যাচটি মাঠে গড়াবে সকালে সাড়ে ৯টায়। সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, টি স্পোর্টস ও নাগরিক টিভি।

ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক মঙ্গলবার বলেছেন, দুই ম্যাচের টেস্ট সিরিজে টাইগাররাই ফেভারিট। তবে কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় দলে না থাকলেও ওয়েস্ট ইন্ডিজ বড় ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিতে সক্ষম।

টেস্ট সিরিজের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে স্বাগতিক বাংলাদেশ। টাইগারদের সামনে দাঁড়াতেই পারেনি সফরকারীরা। ওয়ানডে সিরিজে ১০ জন নতুন ক্রিকেটারের অভিষেক হলেও টেস্টে তুলনামূলক অভিজ্ঞ দল নিয়েই মাঠে নামতে যাচ্ছে ক্যারিবিয়রা।

টাইগারদের হয়ে মুমিনুল চারটি টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। যার মধ্যে মাত্র একটিতে জিতেছে বাংলাদেশ। পাকিস্তান ও ভারতের বিপক্ষে সিরিজেও নেতৃত্ব দেন মুমিনুল হক। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে গুরুত্বপূর্ণ ক্রিকেটার সাকিব আল হাসান এবং ভারতের বিপক্ষে তামিম ও সাকিব দলে ছিলেন না।

তবে এবার পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামছেন মুমিনুল হক। এ বিষয়ে তিনি বলেন, দলের অন্যদের সঙ্গে সাকিব ও তামিমের অন্তর্ভুক্তি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের ফেভারিটই বানিয়েছে।

এই সিরিজে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য পয়েন্ট অর্জনের একটা বড় সুযোগ থাকছে বাংলাদেশের সামনে। এ নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে তৃতীয়বারের মতো মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ।

বাংলাদেশ স্কোয়াড : মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মাদ মিঠুন, লিটন দাস, ইয়াসীর আলী, সাইফ হাসান,  মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, আবু জায়েদ, এবাদাত হোসেন ও হাসান মাহমুদ।


আরও খবর