Logo
শিরোনাম

বাম জোটের অর্ধদিবস হরতাল শুরু

প্রকাশিত:সোমবার ২৮ মার্চ ২০২২ | হালনাগাদ:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | ১৬১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধাবেলার হরতাল শুরু হয়েছে। দেশজুড়ে চলা এই হরতালের শুরুতে রাজধানীতে এখন পর্যন্ত কোনও সহিংসতার খবর পাওয়া যায়নি। রাজধানীর শাহবাগ মোড়ে দিনের শুরুতে গাড়ি চলাচল স্বাভাবিক দেখা গেছে।

সকাল ৬টা ৪০মিনিটে টিএসসি থেকে মিছিল বের করে প্রগতিশীল ছাত্রজোট ও ছাত্র ইউনিয়নের কর্মীরা। শাহবাগ মোড়ে পৌঁছে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা রাস্তা বন্ধ করে দিয়ে অবস্থান নিয়ে শ্লোগান দিতে শুরু করে।

প্রগতিশীল ছাত্রজোট মিছিল নিয়ে শাহবাগ হয়ে কাঁটাবন ঘুরে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয়। এখন পর্যন্ত কোনো ধরনের পিকেটিং বা সহিংসতা লক্ষ্য করা যায়নি।

এসময় আইন শৃঙ্খলা বাহিনীকে রাস্তা পাশে অবস্থান নিতে দেখা যায়। এখন পর্যন্ত তারা কোনও পদক্ষেপ গ্রহণ করেনি।

তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গাড়ি শাহবাগ মোড়ে পৌঁছালে ছাত্র নেতৃবৃন্দ গাড়ি আটকে দিয়ে সামনে বসে পড়েন। পরে গাড়িটি রুট পরিবর্তন করে অন্য দিক দিয়ে চলে যায়। সোয়া ৭টার দিকে মোড়ে আগুন জ্বালায় হরতালের সমর্থকরা।

হরতালের সমর্থনে বাম ছাত্র সংগঠনের নেতারা সিটি কলেজ-গুলিস্তান ও সদরঘাট-সিটি কলেজ সড়ক বন্ধ করে দিয়েছে। তবে প্বার্শ রাস্তা দিয়ে গাড়ি চলাচল অব্যাহত রয়েছে।

এদিকে, সকাল ৭টা ২০ মিনিট পর্যন্ত  জাতীয় প্রেস ক্লাবের সামনে হরতাল সমর্থকদের কারোর অবস্থান লক্ষ্য করা যায়নি।

নিউজ ট্যাগ: বাম জোট হরতাল

আরও খবর