Logo
শিরোনাম

আত্মবিশ্বাসী ববি

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ জুলাই ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১১১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জনপ্রিয় অভিনেত্রী ইয়ামিন হক ববি। অনন্ত জলিলের বিপরীতে ২০১০ সালে খোঁজ-দ্য সার্চ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় আসেন তিনি। তবে সফলতা পেতে  তাকে আরও একটু সময় নিতে হয়। ২০১৩ সালে দেহরক্ষী সিনেমাটি তাকে সবার কাছে বেশ পরিচিতি এনে দেন। এরপর অভিনেত্রীকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এ্যাকশন জেসমিন, রাজত্ব, ফুল এ্যান্ড ফাইনালসহ আরও কয়েকটি ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন এ গ্ল্যামারকন্যা। সর্বশেষ বড়পর্দায় তাকে নোলকবেপরোয়া সিনেমা দুটিতে দেখা গেছে।

বর্তমানে পাপ, আবার তোরা মানুষ হ, ময়ূরাক্ষী সিনেমাটি নিয়ে তিনি ব্যস্ত সময় পার করছেন। এছাড়া তার বৃদ্ধাশ্রম শিরোনামের একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এতে সঙ্গীতশিল্পী এসডি রুবেলের বিপরীতে দেখা যাবে তাকে। এদিকে দেখতে দেখতে ক্যারিয়ারে এক যুগ পার করছেন তিনি। এক যুগের জার্নি কেমন? উত্তরে তিনি বলেন, এক যুগের জার্নি অনেক মজার ছিল, আবার কিছু কিছু সময়ে কঠিনও ছিল। সব মিলিয়ে সফলতাও এসেছে। দর্শক আমাকে দেখতে চান পর্দায়, তাদের ভালবাসায় আছি এর চেয়ে বড় প্রাপ্তি অন্য কিছু হতে পারে না।

করোনার কারণে দুই বছর কোন কাজ করিনি। এরমধ্যে সবাই জানতে চায় কেন কাজ করছি না। অনেকে বলে আপনার সিনেমা মিস করছি। শিল্পী হিসেবে এটাই স্বার্থকতা মনে করছি। এক যুগের ক্যারিয়ারে ববি কি মিটুর শিকার হয়েছেন? তার ভাষ্য, সত্যি বলতে গভীরভাবে আমার সঙ্গে তেমন কিছু হয়নি। তবে প্রতিবন্ধকতার শিকার হয়েছি। বিভিন্ন সময় কিছু বাজে কমেন্টস পেয়েছি। আবার অনেক সময় দেখেছি আমি কোন একটি সিনেমাতে কাজ করছি। কিন্তু পরবর্তীতে সব ঠিক হবার পর আমাকে সেই সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে। তবে আমি এখন আগের থেকে আরও বেশি সচেতন হয়ে কাজ করছি। আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছি।

অভিনেত্রী তার প্রথম সিনেমার প্রথম নায়ক নিয়েও কথা বলেন। একযুগেও কেন ফের অনন্তর বিপরীতে তাকে দেখা গেল না? এ প্রসঙ্গে তার ভাষ্য, আমার পরে তিনি আর তার স্ত্রী ছাড়া আর কোন নায়িকার সঙ্গে কাজ করেননি। যদি অন্য নায়িকাদের নিয়ে তিনি কাজ করতেন হয়তো আমার সঙ্গেও হতো।  দীর্ঘ সময়ের এ ক্যারিয়ারে এ্যাকশন জেসমিনখ্যাত এ নায়িকা শাকিব খান, বাপ্পি ও সইমনসহ আরও কয়েকজনের বিপরীতে অভিনয় করেছেন। কিন্তু নিদিষ্ট কারও সঙ্গে জুটি গড়ে তুলতে পারেননি। কেন ববিকে কারও সঙ্গে জুটি হিসেবে দেখা যায়নি? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, শাকিব খানের সঙ্গেই বেশি সিনেমা করেছি। এটি সত্যি কারও সঙ্গে আমার নির্দিষ্ট জুটি হয়নি। তবে আমি মনে করি, আগে এ জুটি নিয়ে দর্শকের মধ্যে একটা আগ্রহ কাজ করতো। এখন ধীরে ধীরে এটি উঠে যাচ্ছে।

এছাড়া আমার নামের সঙ্গে জড়িয়ে বারবার অন্য একটা নাম উঠে আসুক এ বিষয়টা আমার অপছন্দের। অর্থাৎ কারও ওপর ভর করে আমি নিজেকে পরিচিত করতে চাই না। আমি চাই আমার কাজের মধ্য দিয়েই দর্শক আমাকে মনে রাখুক। প্রেক্ষাগৃহের বাইরে এখন ওটিটিতেও সিনেমা মুক্তি পাচ্ছে। এটিকে কিভাবে দেখছেন ববি? তিনি বলেন, এটিকে আমি নেতিবাচকভাবে দেখি না। কারণ সময়ের সঙ্গে নতুনকে আমাদের গ্রহণ করতে হবে। এছাড়া বিশ্ব এখন সবার মুঠোয়। সেখান থেকেও ওটিটিকে পজিটিভভাবে নেয়া উচিত। বিয়েতে তার ভয় বলেও মন্তব্য করেন তিনি। তবে কারও ওপর নির্ভর করতে পারবেন কিংবা বিশ্বাসী কাউকে পেলে অবশ্যই তাকে জীবনসঙ্গী করে নেবেন বলে জানান।

নিউজ ট্যাগ: ইয়ামিন হক ববি

আরও খবর