
বাংলামোটরের আর কে টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ তিন জন হলেন, মামুন (৩১), মানিক (২০) ও তাফসির (২৬)।
শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এম আইউব হোসেন হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, আগুনে মামুনের শরীরে ৩৪ শতাংশ, মানিকের শরীরে ২ শতাংশ ও তাফসির শরীরের ৭ শতাংশ দগ্ধ হয়েছে।
এর আগে দুপুর সোয়া ১২টার দিকে বাংলামোটরে আর কে টাওয়ারে আগুন লাগে। ১০তলা ভবনের ষষ্ঠ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে আরও দুইটি ইউনিট সেখানে যোগ দেয়। দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

