
প্রতারণার অভিযোগে বলিউড অভিনেত্রী আমিশা
প্যাটেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তার বিরুদ্ধে ৩২ লাখ রুপি আর্থিক
প্রতারণার অভিযোগ উঠেছে। ৪ ডিসেম্বরের মধ্যে ভারতের ভোপালের আদালতে তাকে হাজির হতে
হবে। অন্যথায় তাকে গ্রেফতার করা হবে তাকে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ইউটিএফ
টেলিফিল্ম প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আমিশার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ আনা
হয়েছে । প্রতিষ্ঠনটি ভোপাল ডিস্ট্রিক্ট কোর্টে অভিযোগ করেন সিনেমা তৈরি করার প্রতিশ্রুতি
দিয়ে নিজের প্রযোজনা সংস্থার নামে ৩২ লাখ ২৫ হাজার রুপি নিয়েছিলেন আমিশা। পরে তা চেকের
মাধ্যমে ফেরত দেন। কিন্তু তার দেওয়া সেই চেক বাউন্স হয়ে যায়। তারপরই অভিনেত্রীর বিরুদ্ধে
আর্থিক প্রতারণার মামলা করা হয়।
আইনজীবীর বক্তব্য শুনেই আমিশার বিরুদ্ধে
জামিন যোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। অর্থাৎ এখনই তাকে গ্রেফতার করা হবে
না। অগ্রিম জামিনের সুযোগ থাকবে। আগামী ৪ ডিসেম্বরের মধ্যে অভিনেত্রীকে আদালতে হাজির
হতে হবে। তা না হলে ওয়ারেন্ট জারি করা হবে।
‘কহোনা প্যায়ার
হ্যায়’ সিনেমায় হৃতিক
রোশনের বিপরীতে অভিনয় দিয়ে বলিউডযাত্রা শুরু করেন আমিশা। প্রথম ছবিই ছিল ব্লকবাস্টার
হিট। পরে সানি দেওলের বিপরীতে ‘গদর: এক প্রেম কথা’ সিনেমায় নজর
কাড়েন। সে ছবিও ছিল সুপারহিট। তারপর থেকে বলিউডে অনেক ছবিতেই অভিনয় করেন। তবে সাফল্য
সেভাবে পাননি। এখন অবশ্য় ‘গদর ২’ সিনেমায় অভিনয়
করছেন।
উল্লেখ্য, এর আগেও অভিনেত্রীর বিরুদ্ধে
আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। ২০১৯ সালে ইন্দোরে ১০ লক্ষ রুপির চেক বাউন্স হওয়ার
অভিযোগ উঠেছিল। সে বছর রাঁচিতেও নাকি অভিনেত্রীর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ওঠে।

