
বিটাউনে এই মুহূর্তে আলোচিত বিষয় আলিয়া ভাট আর রণবীর কাপুরের বিয়ে। সবার নজর এখন বলিউডের এই হবু দম্পতির দিকে। তাদের বিয়ের দিন থেকে শুরু করে কারা আমন্ত্রিত, কোথায় অনুষ্ঠান হবে সবকিছু এখনো ধোঁয়াশা। তবে এরই মধ্যে খবর উড়াচ্ছে এই তারকাদের বিয়ের দিন উপস্থিত থাকবেন ২৮ জন অতিথি।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, আলোয় আলোয় ঝলমলিয়ে উঠেছে চেম্বুরের ‘আরকে স্টুডিও’, পালি হিলের ‘বাস্তু অ্যাপার্টমেন্ট’, আর ‘কৃষ্ণা রাজ বাংলো’। দুই পরিবারের মধ্যেই চলছে জোর প্রস্তুতি। একটি ভিডিওতে দেখা যায়, বিয়েটা সম্পূর্ণ গোপন রাখার জন্য রণবীরের ‘বাস্তু অ্যাপার্টমেন্ট’ সাদা কাপড়ে মুড়িয়ে দেওয়া হয়েছে। আর তারা গাঁটছড়া বাঁধবেন ১৩ থেকে ১৭ এপ্রিলের মধ্যে। অন্য একটি অ্যাপার্টমেন্টে বিয়ে সারবেন তারা।
আলিয়ার সৎভাই রাহুল ভাট ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, ২০ এপ্রিলের মধ্যে বিয়ে হবে এই জুটির। আর মুম্বাইয়ের কোনো পাঁচ তারকা হোটেলে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে। নিরাপত্তার কারণে কোথায় বিয়ে হবে তা জানানো হয়নি। সবকিছু শেষ মুহূর্তে এসে বদল করা হয়েছে। এছাড়াও রণবীর-আলিয়ার বিয়েতে আমন্ত্রিত অতিথিদের তালিকাও চূড়ান্ত হয়েছে। জানা গেছে, আত্মীয়স্বজন, ঘনিষ্ঠ বন্ধুবান্ধব আর বলিউড তারকাদের নিয়ে মাত্র ২৮ জন উপস্থিত থাকবেন বিয়ের দিন।
রাহুল আরও জানিয়েছেন, বাবা মহেশ ভাট বিয়ের দিন পাঞ্জাবি-পায়জামা পড়বেন। আলিয়া আর রণবীর পাঞ্জাবি রীতি অনুযায়ী বিয়ে করবেন।

