
ক্লাব বিশ্বকাপের
দ্বিতীয় সেমিফাইনালে আল হিলালকে হারিয়ে ফাইনালে উঠেছে চেলসি। ফাইনালে উঠার লড়াইয়ে দলের
হয়ে একমাত্র গোলটি করেন বেলজিয়ান ফরোয়ার্ড রোমেলো লুকাকু।
বুধবার রাতে আবুধাবির
মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে সৌদি আরবের ক্লাব আল হিলালকে ০-১ গোলে হারায় ইংলিশ ক্লাব
চেলসি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ক্লাব বিশ্বকাপের ফাইনালে পা দিল চেলসি।
ম্যাচে ৫৪ শতাংশ
বল দখলের পাশাপাশি ১৫টি শট নেয় চেলসি। বিপরীতে আল হিলার শট নেয় ১২টি।
পুরো ম্যাচেই
চেলসির সঙ্গে সমানে সমান খেলে সৌদির ক্লাবটি। আক্রমণ পালটা আক্রমণে শেষ হয় ম্যাচ। প্রথমার্ধে
চেলসি এক গোলে এগিয়ে থাকে। বিরতি থেকে ফিরে এসে আল হিলাল ম্যাচে ফেরার চেষ্টা চালালেও
আর লক্ষ্যভেদ করতে পারেনি।
চেলসির হয়ে ম্যাচের
৩২ মিনিটে একমাত্র গোলটি করেন রোমেলো লুকাকু। বাঁ দিকে বক্সে দারুণভাবে বল নিয়ন্ত্রণ
নিয়ে গোলমুখে ঠেলে দেন কাই হ্যাভার্টজ। সেখানে আল হিলালের এক ডিফেন্ডার হেডে ক্লিয়ার
করার চেষ্টা করলে বল পেয়ে যান লুকাকু, সেখান থেকে ডান পায়ের শটে বল জালে জড়ান এই বেলজিয়ান
ফরোয়ার্ড।
ফাইনালে চেলসির
প্রতিপক্ষ ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস। আগামী ১২ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টায় শুরু
হবে ফাইনাল ম্যাচ।

