Logo
শিরোনাম

আজ শেষ হচ্ছে হজ ফ্লাইট, সৌদি পৌঁছেছেন ৫৮ হাজার ১১৮ হজযাত্রী

প্রকাশিত:মঙ্গলবার ০৫ জুলাই ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৮২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ তিনটি এয়ারলাইন্সের ১৬০টি হজ ফ্লাইটে এ পর্যন্ত ৫৮ হাজার ১১৮ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এরমধ্যে ৪ হাজার ৮৯ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৪ হাজার ২৯ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছেন।

হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।

বুলেটিনে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮৭টি, সৌদি এয়ারলাইন্সের ৬১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১২টি হজ ফ্লাইটে এসব হজ যাত্রী নিরাপদে সৌদি আরবে অবতরণ করেন।

বুলেটিনে বলা হয়, বাংলাদেশের হজযাত্রীদের মধ্যে ৬৫ শতাংশ পুরুষ ও ৩৫ শতাংশ মহিলা হজযাত্রী রয়েছেন। এবার বাংলাদেশের হজযাত্রীদের মধ্যে ৪১ বছর থেকে ৬০ বছরের মধ্যে হজযাত্রীর সংখ্যা হচ্ছে ৬৫ দশমিক ৮১ শতাংশ। এছাড়া হজ যাত্রীদের মধ্যে ৩৭ শতাংশ হচ্ছেন ঢাকা বিভাগের হজ যাত্রী।

গত ৫ জুন হজ ফ্লাইট শুরু হয়েছে। হজযাত্রী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ৫ জুলাই পর্যন্ত হজ ফ্লাইটের সময় বৃদ্ধি করা হয়। আগামী ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ১৪ জুলাই হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ ফিরতি ফ্লাইট হবে ৪ আগস্ট।

এ পর্যন্ত বিভিন্ন কারণে ৪ জন নারীসহ ১২ জন হজযাত্রী মারা গেছেন। এরমধ্যে মক্কায় ১০ জন ও মদিনায় ২ জন মারা যান।


আরও খবর