Logo
শিরোনাম

আজ করোনার টিকা নিচ্ছেন টাইগাররা

প্রকাশিত:বৃহস্পতিবার ১৮ ফেব্রুয়ারি ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২৫৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আজ বৃহস্পতিবার করোনার প্রতিরোধক টিকা দেয়া হচ্ছে টাইগারদের। বাকীরা এই টিকা পরে পাবেন বলেই জানিয়েছে বিসিবি।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, বোর্ডের পক্ষ থেকে ক্রিকেটারদেরকে বিশেষ ব্যবস্থায় ভ্যাকসিন দেয়া হবে। তবে কাউকে জোরাজুরি করা হবে না। বোর্ডের পক্ষ থেকে কোনও চাপ থাকবে না।

জানা গেছে- করোনার টিকা নিতে বেশ আগ্রহ দেখাচ্ছেন ক্রিকেটাররা। তবে প্রথম পর্যায়ে নিউজিল্যান্ড সফরে যারা যাবেন, শুধু তাদেরকেই আজ টিকা দেওয়া হবে। এদিন নির্দিষ্টসংখ্যক খেলোয়াড়দের টিকা দেয়ার পর দ্বিতীয় ধাপে আগামী শনিবার টিকা দেওয়া হতে পারে বাকি ক্রিকেটারদের। ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত ক্রিকেটারদের নাম সংগ্রহ করা হয়েছিল। এর মধ্যে যারা তালিকায় নাম দিয়েছেন, তাদের টিকা দেওয়া হবে আজ।

এ বিষয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেন, আমরা আজ ক্রিকেটারদের টিকা দেব। তবে এটি প্রথম ধাপে। শুক্রবারের পর দ্বিতীয় ধাপে টিকা দেওয়া হবে বাকি ক্রিকেটারদের। নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফেরার পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে এবং জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে কোচিং স্টাফদেরও বিশেষ ব্যবস্থায় টিকা দেওয়া হবে বলেও জানান দেবাশিস।

তিনি আরও বলেন, আজ সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নেবেন নিউজিল্যান্ড সফরের দলে ডাক পাওয়া ক্রিকেটাররা। যদিও সবাই টিকা নিচ্ছেন না।

দেবাশিস চৌধুরী বলেন, টিকার জন্য আমরা একটা চূড়ান্ত তালিকা প্রস্তুত করেছি। নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াডের ৫ থেকে ৭ জন ক্রিকেটার টিকা নিচ্ছেন না। বাকিরা নিচ্ছেন। যারা নিচ্ছেন না, তারা কেন নিচ্ছেন না, এটা এখন পর্যন্ত জানি না।

এই পর্যন্ত অনেক ক্রিকেটারই টিকা নেওয়ার জন্য নাম দিয়েছেন। অনেকে এখনও দিচ্ছেন। কদিন আগেই জানা যায় যে, ২০-২৫ জন টিকার জন্য নাম লিখিয়েছেন তালিকায়। বর্তমানে এ সংখ্যা আরও বেড়েছে। তবে যারা কেবল নিউজিল্যান্ড সফরে যাবেন, তারাই আজ অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন নিতে পারবেন।


আরও খবর