
আজ বিশ্ব মান দিবস। পণ্য এবং সেবার মান সম্পর্কিত বিষয়ে জনসচেতনতা বাড়াতে বিশ্বব্যাপী প্রতি বছর দিবসটি পালন করা হয়ে থাকে। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান।’
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। এছাড়া শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা পৃথক পৃথক বার্তা দিয়েছেন।
বিশ্ব মান দিবস উদযাপনে জাতীয় মান সংস্থা হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরমধ্যে আজ শুক্রবার রাজশাহী’র সম্মেলন কক্ষে টেকসই উন্নত বিশ্ব গড়তে ‘মান’ এর ভূমিকা শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করেছে বিএসটিআই বিভাগীয় অফিস। এতে রাজশাহী বিভাগের সব জেলার শিল্প ও বণিক সমিতি, ব্যবসায়ী সংগঠনের নেতারা, বিভিন্ন শিল্প উদ্যোক্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা এবং সরকারি-বেসরকারি ও সায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

