
হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব
বিদ্যার ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী পূজা আজ। মর্ত্যরে ভক্তকুল শ্বেতশুভ্র
কল্যাণময়ী দেবী সরস্বতীর আবাহন করবে। ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে
উঠবে দেশের বিভিন্ন পূজামণ্ডপ।
শাস্ত্রমতে, প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের
পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্র কল্যাণময়ী বিদ্যাদেবীর বন্দনা করা হয়। ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী,
জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী এবং শক্তির আধার হিসেবে সনাতন ধর্মাবলম্বীরা
সরস্বতী দেবীর আরাধনা করেন।
সরস্বতী পূজা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল
হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের
মাঠে জমজমাট পূজা উত্সবের প্রস্তুতি শেষ হয়েছে। রোকেয়া হল, ফজিলাতুন্নেসা মুজিব হল,
কুয়েত মৈত্রী হল, শামসুন্নাহার হলেও উদযাপিত হবে সরস্বতী পূজা। ঢাকেশ্বরী জাতীয় মন্দির
মেলাঙ্গনে পূজার আয়োজন করা হয়েছে। এখানে সকাল ৬টায় প্রতিমা স্থাপন, ৯টায় স্তোত্র পাঠ,
সকাল সাড়ে ৯ টায় পুষ্পাঞ্জলি প্রদান, বেলা ১২টায় প্রসাদ বিতরণ, সন্ধ্যা ৬ টায় সন্ধ্যা
আরতি এবং রাতে আলোকসজ্জার আয়োজন করা হবে। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়,
ঢাকা মেডিক্যাল কলেজ, ঢাকা কলেজ, ইডেন কলেজ, পুরান ঢাকার বাণী ভবন, বুয়েটসহ সারা দেশের
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং ব্যক্তি উদ্যোগেও এ পূজা উদযাপিত হবে।

