
আজ ৩ ডিসেম্বর,
৩১তম আন্তর্জাতিক ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস। দিবসটির এ বছরের প্রতিপাদ্য বিষয় হচ্ছে,
‘অন্তর্ভুক্তিমূলক
উন্নয়নের জন্য পরিবর্তনমুখী পদক্ষেপ: প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের
ভূমিকা’ ।
১৯৯২ সাল থেকে
জাতিসংঘ ঘোষিত এ দিবসটি বিশ্বব্যাপী পালন করা হচ্ছে। শারীরিকভাবে অসম্পূর্ণ মানুষদের
প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন ও তাদের কর্মকাণ্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই
দিবসটির সূচনা হয়।
বর্তমান আওয়ামী
লীগ সরকার প্রতিবন্ধীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায়
ভাতা প্রদান, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি, সমন্বিত প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম, থেরাপি
সেবা ও ক্রীড়া কমপ্লেক্স নির্মাণসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
দিবসটি পালনে
সমাজকল্যাণ মন্ত্রণালয় নানা কর্মসূচি গ্রহণ করেছে। উন্নয়নের মূলধারায় প্রতিবন্ধীদের
একীভূতকরণ এবং ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তর, জাতীয়
প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান দেশব্যাপী বিস্তারিত
কর্মসূচি হাতে নিয়েছে। এছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশের প্রতিটি জেলায়
সমাজসেবা অধিদপ্তর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো শোভাযাত্রা, আলোচনাসভা ও সাংস্কৃতিক
অনুষ্ঠান আয়োজন করেছে।
এদিকে দিবসটি
উপলক্ষ্যে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথক
বাণীতে তারা প্রতিবন্ধীদের উন্নয়নে বাংলাদেশ সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে
দিবসটির সাফল্য কামনা করেন।

