
টানা ৯ দিন বিরতির পর আজ সোমবার আবার বসছে
সংসদের বাজেট অধিবেশন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সকাল ১১টায় অধিবেশন
শুরু হবে। আজ প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা চলবে। আলোচনা শেষে আগামীকাল মঙ্গলবার
অর্থবিল পাস হবে। বুধবার নতুন অর্থবছরের বাজেট পাস হবে।
সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, করোনা পরিস্থিতির কারণে লকডাউন দেওয়া হলেও অধিবেশন স্থগিত করার সুযোগ নেই। কারণ সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ৩০ জুনের মধ্যে বাজেট পাস করতে হবে। সে কারণেই আগের মতো সতর্কতা মেনে কোরাম পূর্ণ হয় এমন সংখ্যায় এমপিদের নিয়ে অধিবেশন চলবে।
এ ক্ষেত্রে অসুস্থ ও প্রবীণ সদস্যদের অধিবেশনে যোগদানে নিরুৎসাহ করা হয়েছে। যাঁরা অধিবেশনে যোগ দেবেন, এরই মধ্যে করোনার নমুনা পরীক্ষা করিয়েছেন। অধিবেশনকক্ষের ভেতরে-বাইরে কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে। উল্লেখ্য, গত ৩ জুন সংসদে বাজেট প্রস্তাব উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এরপর দুই দিনের আলোচনা শেষে ৭ জুন সম্পূরক বাজেট পাস এবং ১৪ জুন থেকে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা শুরু হয়। সংসদের চলতি অধিবেশন শুরু হয় ২ জুন, যা আগামী ১ জুলাই শেষ হবে।
করোনা মহামারির কারণে গত বছর মাত্র ৯ কার্যদিবস
চলে বাজেট অধিবেশন, যা বাংলাদেশের ইতিহাসের সংক্ষিপ্ততম অধিবেশন।

