
পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার জহির আব্বাস করোনা আক্রান্ত হয়েছেন।
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ভর্তি করা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। এখন
ইংল্যান্ডের প্যাডিংটনের সেন্ট মেরি হাসপাতাল আছেন তিনি।
করোনা পজিটিভ হওয়ার পর অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছিল তাকে। তিন দিন
আগে অবস্থা খারাপ হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদ
মাধ্যম জিও নিউজ।
তারা জানিয়েছে, দুবাই থেকে ইংল্যান্ড যাওয়ার পথে করোনা আক্রান্ত হন আব্বাস।
লন্ডনে নামার পর কিডনিতে ব্যথা অনুভব করেন তিনি। এখন ডায়ালাইসিস দিচ্ছেন ডাক্তাররা।
তার সঙ্গে দেখাও করতে পারছেন না কেউ।
টেস্ট দিয়ে ১৯৬৯ সালে অভিষেক ঘটে আব্বাসের। ৭৮ টেস্টে করেছেন ৫ হাজার
৬২ রান। সেঞ্চুরি আছে ১২টি। ৬২টি ওয়ানডেতে ৭ সেঞ্চুরিতে করেছেন ২ হাজার ৫৬২ রান। তাছাড়া
১৯৮২ থেকে ২০১৫ সাল পর্যন্ত ৪ ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বাধিক রানের রেকর্ডটিও ছিল
তার দখলে। পরে সেটি ভেঙেছেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। সাবেক এই ক্রিকেটারকে আইসিসির
হল অব ফেমে স্থান দেওয়া হয় ২০২০ সালের আগস্টে।

