
কক্সবাজার শহরে
পর্যটন এলাকায় আবাসিক হোটেল কক্ষ থেকে পিছনে হাত মোড়ানো অবস্থায় অজ্ঞাত এক তরুণীর মরদেহ
উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে তার সঙ্গে থাকা কথিত স্বামী পরিচয় দানকারি ব্যক্তি
পলাতক রয়েছেন।
নিহত নারীর নাম
ও পরিচয় জানা না গেলেও তার আনুমানিক বয়স ২৫/২৬ বলে জানা গেছে। অভিযোগ উঠেছে, দম্পতি
পরিচয়ে হোটেল কক্ষ ভাড়া নেওয়া ওই তরুণী ও কথিত স্বামীর নাম-ঠিকানা নিবন্ধন খাতায় নথিভূক্ত
করা হয়নি। এমনকি হোটেলটিতে নেই কোনও সিসি ক্যামেরা।
কক্সবাজার সদর
মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আতিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপর ১২টার দিকে
হোটেল-মোটেল জোনের ‘নির্জন রিসোর্ট’ আবাসিক হোটেলের কক্ষে অজ্ঞাতনামা এক তরুণীর
মরদেহ পড়ে থাকার খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হোটেলটির
৬ নম্বর কক্ষ থেকে তরুণীর মরদেহ উদ্ধার করে। এসময় ওই তরুণীর দুইহাত পিছনে ওড়না দিয়ে
মুড়িয়ে রেখে হোটেল কক্ষের খাটে শোয়ানো অবস্থায় পাওয়া যায়।
তিনি আরও বলেন,
শরীরের কোথাও স্পষ্ট আঘাতের কোন ধরণের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, কথিত স্বামী
পরিচয় দিয়ে হোটেল কক্ষে উঠা ব্যক্তি ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করে থাকতে পারে।
ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। স্বামী-স্ত্রী পরিচয়ে
হোটেল কক্ষ ভাড়া নেওয়া ওই নারী ও পুরুষের নাম-পরিচয় কর্তৃপক্ষ নিবন্ধন খাতায় লিপিবদ্ধ
করা হয়নি। এছাড়া হোটেলটিতে কোনও ধরণের সিসি ক্যামেরাও নেই।
এসআই আতিকুল জানান,
আলামত সংগ্রহের পাশাপাশি হত্যার কারণ জানতে পুলিশের বিশেষজ্ঞ ইউনিটের সহায়তা চাওয়া
হয়েছে। সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন শেষে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা
হয়েছে। এরপর নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা
হয়।
হোটেলটির ব্যবস্থাপক
আব্দুল আলীম বলেন, বৃহস্পতিবার ভোরে দম্পতি পরিচয়ে ওই তরুণী জনৈক পুরুষকে সঙ্গে নিয়ে
হোটেল কক্ষ ভাড়া নেন। ওই শোমোয় হোটেলের নিবন্ধন খাতায় তাদের নাম ও পরিচয় নথিভূক্ত করা
হয়নি। সকালে এসে দেখি তাদের কক্ষের দরজা বাহির থেকে তালা খোলা। পরে দরজা খুলে ওই তরুণীকে
হাত মোড়ানো অবস্থায় খাটে শোয়া অবস্থায় দেখা গেলেও স্বামী পরিচয় দেওয়া লোককে পাওয়া যায়নি।
পরে ঘটনার ব্যাপারে পুলিশকে অবহিত করা হয়।

