
নতুন করে আবার আসছে স্নো হোয়াইট। তুষারকন্যা ও সাত বামনের গল্পটা লাইভ অ্যাকশনে আনছে ডিজনি। এটি ডিজনির ১৯৩৭ সালের সিনেমার অনুসরণে নির্মিত হবে। এর মধ্যে প্রকাশ হয়েছে সিনেমাটির একটি শর্ট টিজার। সেখানে দেখা যাচ্ছে, স্নো হোয়াইটের চরিত্রে অভিনয় করছেন র্যাচেল জেগলার। ইভিল কুইনের চরিত্রটি এবার করছেন ওয়ান্ডার ওম্যান খ্যাত গাল গাদত।
ডিজনি তাদের ডি টোয়েন্টি থ্রি এক্সপো উপলক্ষে বেশকিছু সিনেমা ও সিরিজের ঘোষণা দিচ্ছে। এর মধ্যে অন্যতম আকর্ষণের জায়গায় রয়েছে স্নো হোয়াইট। টিজারে দেখা যায়, ইভিল কুইন আয়নাকে প্রশ্ন করছে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী কে। আর স্নো হোয়াইট উপস্থিত হয়েছে তার চিরাচরিত পোশাকে। টিজার প্রকাশের সময় উপস্থিত ছিলেন উভয় তারকা। এর মধ্যে র্যাচেল জিগলার ছলছলে চোখে বসেছিলেন। সিনেমার স্নো হোয়াইটের চরিত্রটি পেয়ে তিনি আপ্লুত। তিনি বলেন, ফুললেন্থ ফিচার ফিল্মটিতে যুক্ত হতে পারা সৌভাগ্য মনে করি।
জিগলার জানিয়েছেন, নতুন করে সিনেমায় আনা হলেও এ আমাদের চিরচেনা সেই স্নো হোয়াইট। তবে তাকে আধুনিক সময়ের উপযোগী করে সিনেমায় উপস্থাপন করা হয়েছে। গাল গাদত তার এ নতুন খল চরিত্র নিয়ে কথা বলেছেন। তিনিও অত্যন্ত খুশি। কেননা তিনি এ গল্পের চিত্রায়ণে প্রথম কোনো বিখ্যাত খল চরিত্রে অভিনয় করছেন। গাদত বলেন, ‘আমার পুরনো যেকোনো কাজের তুলনায় এটি ছিল সম্পূর্ণ ভিন্ন। চরিত্রটি রূপকথার গল্পের সবচেয়ে আইকনিক খল চরিত্র। তার চরিত্রে নিজেকে উপস্থাপন করাটা আনন্দের।’
গাল গাদত অভিনীত ডেথ অন দ্য নাইল মুক্তি পেয়েছিল চলতি বছর। বর্তমানে ক্লিওপেট্রা রয়েছে প্রি-প্রডাকশনে। স্নো হোয়াইট পরিচালনা করছেন মার্ক ওয়েব। সিনেমাটি মুক্তি পাবে ২০২৪ সালে।

