
আসন্ন রমজানে
৮৮ বছরে প্রথমবারের মতো তারাবির নামাজ অনুষ্ঠিত হতে যাচ্ছে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের
হায়া সোফিয়া গ্র্যান্ড মসজিদে। এ ছাড়া মসজিদটিতে রমজান মাস উপলক্ষে বেশ কিছু আয়োজন
থাকবে। আগামী শুক্রবার (১ এপ্রিল) প্রথম তারাবি অনুষ্ঠিত হবে মসজিদটিতে। পবিত্র রমজানের
পুরো মাস জুড়েই এখানে নানা আয়োজন থাকবে বলে জানিয়েছে হায়া সোফিয়া মসজিদের সঙ্গে সংশ্লিষ্ট
ব্যক্তিরা।
এর আগে নামাজ আদায়ের জন্য খুলে দেওয়া হলেও করোনা মহামারি শুরুর পর স্বাস্থ্যবিধির অংশ হিসেবে গত দুই বছর ওই মসজিদে তারাবি নামাজ আদায় করা যায়নি। ফলে মুসল্লিরা অন্য সময় নামাজ আদায় করলেও তারাবি নামাজ আদায়ের সুযোগ পাননি। দীর্ঘ সময় পর তারা এই ঐতিহ্যবাহী মসজিদে তারাবি আদায়ের সুযোগ পাবেন।
প্রায় দেড় হাজার
বছর আগে অর্থোডক্স খ্রিস্টানদের প্রধান গির্জা (ক্যাথেড্রাল) হিসেবে হায়া সোফিয়া প্রতিষ্ঠিত
হয়। কয়েক শতাব্দী পর অটোমান শাসকরা এটিকে মসজিদে রূপান্তরিত করেন। ১৯৩৪ সালে এটিকে
জাদুঘরে রূপান্তরিত করে তৎকালীন ধর্মনিরপেক্ষ তুর্কি সরকার। ১৯৮৫ সালে জাদুঘর হায়া
সোফিয়াকে বিশ্ব ঐতিহ্য স্থাপনা ঘোষণা করে ইউনেস্কো।
২০২০ সালের ১০
জুলাই তুরস্কের আদালত হায়া সোফিয়াকে জাদুঘরের মর্যাদা বাতিল করে মসজিদে রূপান্তরের
আদেশ দেন। মসজিদ ছাড়া অন্যকিছু হিসেবে এটির ব্যবহারকে অবৈধ বলেও জানান আদালত।
পরে দেশটির প্রেসিডেন্ট
রিসেপ তাইয়েপ এরদোয়ান জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে বিশ্ব ঐতিহ্যের অংশ এই স্থাপনাকে
মসজিদে রূপান্তরে আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ২০২০ সালের ২৪ জুলাই প্রথম জুমার
নামাজের জন্য মসজিদটি খুলে দেওয়ার ঘোষণা দেন।
তবে করোনা পরিস্থিতির
কারণে সেখানে তারাবির নামাজ অনুষ্ঠিত হয়নি।

