
মিয়ানমারে আটক
বাংলাদেশি ছয় জেলেকে ফেরত আনলো বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। বিজিবি’র তৎপরতায়
আটকের দীর্ঘ ৩৭ দিন পর তাদেরকে হস্তান্তর করে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।
বুধবার (৯ মার্চ) বিকেলে টেকনাফস্থ বিজিবি-২ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়টি
জানিয়েছেন অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
ফেরত আনা বাংলাদেশি
ছয় জেলে হলেন, টেকনাফের নোয়াখালীপাড়ার আব্দু ছোবাহানের ছেলে আব্দুর রহমান, জাফর আহমদের
ছেলে কেফায়েত উল্লাহ, নুর আহমদের ছেলে হামিদ উল্লাহ, মিঠাপানির ছড়ার হোছন আলীর ছেলে
মুহাম্মদ তৈয়ুব, মোহাম্মদ ছফরের ছেলে আব্দুর রশিদ ও আবু তালেবের ছেলে মোহাম্মদ মামুন।
লে. কর্ণেল শেখ
খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, পহেলা ফেব্রুয়ারি বাংলাদেশি ৬ জন জেলে ইঞ্জিনচালিত নৌকাযোগে
সমুদ্রে মাছ ধরতে যায়। ইঞ্জিন নষ্ট হয়ে তারা মিয়ানমারের সমুদ্র উপকূলে চলে যায়। পরবর্তীতে
মিয়ানমারের বাহিনী বিজিপি তাদের আটক করে জেলে বন্দি রাখে। আটকের বিষয়টি ৬ জেলের পরিবার
লিখিতভাবে বিজিবিকে জানালে আমরা বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের মাধ্যমে তৎপরতা শুরু করি।
পরবর্তীতে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর মাধ্যমেও চেষ্টা অব্যাহত থাকে। তারপরই বিজিপি
আমাদের জানায় যে, তারা ৬ জেলেকে হস্তান্তর করবে। সব প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে নাফ
নদী পয়েন্ট দিয়ে তারা ৬ জেলেকে আমাদের কাছে হস্তান্তর করেছে। পরে তাদেরকে টেকনাফে ফেরত
আনা হয়।
তিনি আরও জানান,
বর্তমানে ৬ জেলে বিজিবি’র হেফাজতে আছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে নিজ নিজ পরিবারের
নিকট হস্তান্তর করা হয়েছে।

