
৪৭ দিন বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে পরীক্ষামূলকভাবে চলতে শুরু করেছে ফেরি।
মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজারের দিকে সোমবার সকাল ১১টায় ছেড়ে গেছে ফেরি কুঞ্জলতা। তাতে ওঠে ২০টি ছোট-বড় যান ও ১৫টি মোটরসাইকেল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক (এজিএম) শফিকুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।
শফিকুল ইসলাম জানান, আজ পরীক্ষামূলকভাবে প্রথম ফেরি চালু করা হলো। সফল হলে পরবর্তী সময়ে সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, পদ্মা সেতুর ২১ নম্বর খুঁটি বরাবর ১ দশমিক ৫ কিলোমিটার আপ-এ লাল বয়াটি পুনঃস্থাপিত হয়। শিমুলিয়া থেকে ফেরিগুলো বাংলাবাজার যাবে পদ্মা সেতুর ১৩-১৪ বা ১৪-১৫ নম্বর খুঁটির মধ্য দিয়ে। তবে লক্ষ্য থাকবে ১৪-১৫ নম্বর খুঁটির মাঝখান দিয়ে যাওয়ার। আর বাংলাবাজার থেকে শিমুলিয়া আসার সময় ১৯-২০ বা ২০-২১ নম্বর খুঁটির মধ্য দিয়ে যেতে হবে। তবে লক্ষ্য থাকবে ১৯-২০ নম্বর খুঁটির মাঝখান দিয়ে যাওয়ার।
পদ্মা নদীর তীব্র স্রোতের কারণে গত ১৮ আগস্ট থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
