
দেশে গণটিকা কার্যক্রমে
প্রথম ডোজ নেওয়া ব্যক্তিদের দ্বিতীয় ডোজ দেওয়া হবে আগামী ২৮ মার্চ। সোমবার স্বাস্থ্য
অধিদপ্তরের এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী
জাহিদ মালেক। গত ২৬ ফেব্রুয়ারি একদিনে এক কোটি ডোজ কোভিড টিকা দেওয়ার কার্যক্রম শুরু
করে টিকাগ্রহীতাদের আগ্রহের কারণে পরে তা আরও দুদিন বাড়ানো হয়।
স্বাস্থ্যমন্ত্রী
জানান, এই কার্যক্রমের আওতায় তিনদিনে প্রায় ২ কোটি ২৫ লাখ ডোজ টিকা দেওয়া হয়। যারা
প্রথম ডোজ পেয়েছেন এমন ব্যক্তিরা ২৮ মার্চ থেকে দ্বিতীয় ডোজ নিতে পারবেন। বিশেষ টিকা
ক্যাম্পেইনে যারা প্রথম ডোজ নিয়েছেন, তারা যে কোনো কেন্দ্রে এসেই দ্বিতীয় ডোজ টিকা
নিতে পারবেন।
স্বাস্থ্যমন্ত্রী
আরও জানান, এখন পর্যন্ত টিকার দ্বিতীয় ডোজ পাওয়ার অপেক্ষায় আছেন প্রায় তিন কোটি ৮৬
লাখ মানুষ।
গত ১৫ ফেব্রুয়ারি
সারাদেশে একদিনে ১ কোটি ডোজ টিকা দেওয়ার ঘোষণা দিয়ে জানানো হয়, ২৬ ফেব্রুয়ারির পর প্রথম
ডোজ টিকা দেওয়া হবে না। এর পর টিকাদান কেন্দ্রগুলোয় ভিড় বাড়তে থাকে।
পরে স্বাস্থ্য
অধিদপ্তর জানায়,এর মধ্য দিয়ে প্রথম ডোজ দেওয়া শেষ হচ্ছে না। যৌক্তিক কারণে কেউ যদি
টিকার প্রথম ডোজ নিতে না পারেন তবে স্থায়ী কেন্দ্রে গিয়ে নিতে পারবেন।
দেশে গত বছর ৭
ফেব্রুয়ারি টিকার প্রথম ডোজ দেওয়া শুরু হয়। দুই মাস পর ৮ এপ্রিল শুরু হয় দ্বিতীয় ডোজ
দেওয়ার কার্যক্রম। আর গত বছরের ২৮ ডিসেম্বর তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ দেওয়া শুরু করে
স্বাস্থ্য অধিদপ্তর।
অধিদপ্তরের হিসাবে
রোববার পর্যন্ত ১২ কোটি ৫৪ লাখ ৯০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসের প্রথম ডোজ পেয়েছেন।
দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮ কোটি ৬৮ লাখ ৪৪ হাজারের বেশি মানুষ।

